নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সহসভাপতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রোমা, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমদ খান, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, অ্যাডভোকেট ইসমত আরা সুলতানা, অ্যাডভোকেট জাকারিয়াসহ জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীরা।
বিক্ষোভ মিছিলটি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে অগ্নিসংযোগ, নৈরাজ্য ও বিশৃঙ্খলাপূর্ণ কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
কর্মসূচিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আইনজীবীরা অংশগ্রহণ করেন।
