নিজস্ব প্রতিবেদক, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ৬ নম্বর বিদ্যাকুট ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী, ইতালি প্রবাসী এবং স্থানীয় বিএনপি নেতা আলহাজ্ব আলতাফ হোসেন বশিরের নির্বাচনী পরিচিতি সভা ও গণসংযোগ সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ ৪ নভেম্বর, দিনব্যাপী এই কর্মসূচিতে ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
দিনের শুরুতে বিদ্যাকুট এলাকায় এক জমকালো নির্বাচনী পরিচিতি সভার আয়োজন করা হয়। সভা শেষে তিনি বিদ্যাকুট বাজার জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে তিনি সেমন্তঘর এলাকার উদ্দেশে রওনা দেন।
সেমন্তঘরে পৌঁছানোর পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্যে আলহাজ্ব আলতাফ হোসেন বশির বলেন, “আমি বিগত পরপর দুইবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, বিগত সরকারের আমলে আমার সেই নির্বাচন অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়া হয়েছিল।”
এলাকার মানুষের প্রতি নিজের ভালোবাসার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “আমি এই মাটিরই সন্তান, আপনাদেরই ঘরের মানুষ। আমি আপনাদের কাছে দোয়া ও আশীর্বাদ চাই। আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ—এই বিদ্যাকুট ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে আপনাদের উপহার দেবো।”
সেমন্তঘরের সভার পর তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে মেরকুটা বাজারের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। গণসংযোগকালে স্থানীয় ভোটার ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
