স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া শহরের পীরবাড়ি এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দেড় বছর বয়সী শিশুসহ আরও দুজন। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অটোরিকশার যাত্রী যুথী আক্তার (২২) ও চালক জয়নাল আবেদীন (৪৫)। আহতরা হলেন যুথীর স্বামী জাকির হোসেন ও তাঁদের দেড় বছর বয়সী শিশুসন্তান জায়ান আহমেদ। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি যাত্রী নিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে ঘাটুরার দিকে যাচ্ছিল। পথে পীরবাড়ি এলাকায় ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী টিএ পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ চারজন গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক যুথী আক্তারকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশাচালক জয়নাল আবেদীনেরও মৃত্যু হয়।
নিহত জয়নাল আবেদীন বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের মুকসুদ আলীর ছেলে। যুথী আক্তার সরাইল উপজেলার চুন্টা গ্রামের মো. হুমায়ুন মিয়ার মেয়ে। তিনি স্বামী ও শিশুসন্তানকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা সিও অফিস এলাকায় বসবাস করতেন।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
