ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর প্রথম সেমিফাইনালে কসবা উপজেলা দলকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে আখাউড়া উপজেলা দল।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে দুই দল গোল করতে না পারায় খেলা গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে কসবাকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে আখাউড়া।
ম্যাচে আখাউড়া উপজেলা দলের গোলরক্ষক রাব্বি টাইব্রেকারে প্রতিপক্ষের একটি শট রুখে দিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি ম্যাচসেরার পুরস্কার (ম্যান অব দ্য ম্যাচ) অর্জন করেন।
খেলা শেষে রাব্বির হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন সাবেক ফুটবলার ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী জসিম উদ্দিন রিপন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন দে, সাবেক ফুটবলার ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী আলী আজম এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব তানিম শাহেদ রিপনসহ অন্যান্য অতিথি।
এ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করল আখাউড়া উপজেলা দল।
