জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে জেলা প্রশাসন ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং দুজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন—অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, নার্গিস আক্তার, সাব্বির মিয়া, তাইফ ইসলাম ও শিপন মিয়া।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শিপন মিয়াকে ২ হাজার টাকা এবং নার্গিস আক্তারকে ৩ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া বাকি পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
এসআরবি-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়েছে। হাসপাতালের দালালচক্রকে যারা মদদ দিচ্ছে, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ রোগীদের হয়রানি বন্ধ এবং দালালচক্রের তৎপরতা নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয়।
