স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দুলালপুর এলাকায় অবস্থিত ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মূল সড়কের তুলনায় ব্রিজটি অনেকটা উঁচু হওয়ায় যানবাহন ওঠানামার সময় চালকদের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা রয়েছে। এতে পাশের খালে যানবাহন পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার ঝুঁকি তৈরি হয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, ব্রিজটির ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে ইতোমধ্যে একাধিক দুর্ঘটনা ঘটেছে। দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তাব্যবস্থা গ্রহণ না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এদিকে বিজয়নগরের পূর্বাঞ্চলে বর্তমানে কমলা, আখ ও লালির মৌসুম চলছে। এ কারণে এ সময় ব্রিজটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ, পর্যটক, দর্শনার্থী ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করবেন। ফলে ব্রিজটির ঝুঁকি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
এ অবস্থায় অন্য এলাকা থেকে ঘুরতে আসা পর্যটক ও দর্শনার্থীসহ সর্বসাধারণকে দুলালপুর ব্রিজ পারাপারের সময় বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যানবাহন চালকদের ধীরগতিতে ও সাবধানে ব্রিজটি অতিক্রম করার অনুরোধ করা হয়েছে।
জনসাধারণের নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্রিজটির প্রয়োজনীয় সংস্কার, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং কার্যকর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
মনে রাখবেন, একটু সচেতনতাই পারে একটি দুর্ঘটনা থেকে আপনার মূল্যবান জীবন রক্ষা করতে।
প্রচারে: ঐক্যবদ্ধ বিজয়নগর
