স্টাফ রিপোর্টার | ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক সংগঠন ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজীর ওপর হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের নিক্ষেপ করা পাথরের আঘাতে তাঁর একটি চোখ গুরুতরভাবে জখম হয়েছে।
১৫ নভেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যায় রেলওয়ে স্টেশন থেকে বাড়ি ফেরার পথে স্টেশন কলোনি এলাকায় পৌঁছালে আড়াল থেকে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এতে একটি পাথর তাঁর চোখে আঘাত হানে। পরে তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। বর্তমানে নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন।
অন্যায়, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করে আসছে ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’। রেলওয়ে স্টেশনের টিকিট কালোবাজারি, জেলা সদর হাসপাতালের দালালচক্র নির্মূলসহ বিভিন্ন সিন্ডিকেটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কাজ করছে সংগঠনটি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংগঠনটির সদস্য সচিব মোহাম্মদ সাবের হোসাইন গণমাধ্যমকে বলেন, “আমরা এ হামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। হামলা করে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক ও মানবিক কার্যক্রম থামানো সম্ভব নয়। ইতিপূর্বেও আমাদের সংগঠনের একাধিক সদস্য হামলার শিকার হয়েছেন। কিন্তু আমরা অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান থেকে সরে আসিনি।”
তিনি আরও বলেন, অন্যায়, দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে সংগঠনের শান্তিপূর্ণ সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে।
