জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের নিরাপত্তা রক্ষার প্রত্যয় ব্যক্ত করেন।
বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখার আহ্বান জানান তাঁরা।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষায় যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তাঁদের অবস্থান স্পষ্ট। দেশের স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে রাজপথে সোচ্চার থাকবে বিএনপি।
এ সময় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
