জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের আটটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কপার পাইপ চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া পাইপগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ থেকে ৮ লাখ টাকা। এ ঘটনায় ইমরান (২২) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন মসজিদের নৈশপ্রহরী।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মসজিদের তৃতীয় তলার ছাদে এসির কপার পাইপ কাটার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
মসজিদের সাধারণ সম্পাদক মো. আশিকুল ইসলাম জানান, মসজিদের নিচতলা ও দোতলায় পাঁচ টনের মোট ৩৮টি এসি রয়েছে। এর মধ্যে আটটি এসির কপার পাইপ চুরি হয়েছে। চুরি হওয়া এসব পাইপের বাজারমূল্য আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকা।
মসজিদ কমিটি ও মুসল্লিদের সূত্রে জানা যায়, দোতলায় স্থাপিত এসিগুলোর আউটডোর ইউনিট রয়েছে তৃতীয় তলার ছাদে। দোতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত সংযুক্ত এসব এসির কপার পাইপ গত কয়েক দিন ধরেই কেটে নিয়ে যাচ্ছিল দুর্বৃত্তরা। বিষয়টি নজরে আসার পর মসজিদের নিরাপত্তা জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাতে তৃতীয় তলার ছাদে পাইপ কাটার সময় নৈশপ্রহরী এক যুবককে আটক করেন। পরে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জিব কুমার পাল জানান, আটক যুবকের নাম ইমরান (২২)। তার বাড়ি আখাউড়া বড়বাজার রেলগেটসংলগ্ন মেথরপট্টি এলাকায়। এ ঘটনায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
ধর্মীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জেলা জামে মসজিদে এমন চুরির ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মসজিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চুরির সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
