জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
আগামী ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি ভারতে পলাতক আসামিসহ যেকোনো ব্যক্তির অবৈধভাবে দেশে প্রবেশ ও দেশত্যাগ ঠেকাতে বাড়ানো হয়েছে নজরদারি।
সীমান্তে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসি ক্যামেরা ও থার্মাল ড্রোন ব্যবহার করছে বিজিবি। একই সঙ্গে দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে টহল ও গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তে বিজিবির টহল কার্যক্রম পরিদর্শন করেন ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। পরে তিনি এসব তথ্য জানান।
বিজিবি অধিনায়ক বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় কুমিল্লা সেক্টরের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। ২৫ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে জনবল প্রায় দ্বিগুণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সীমান্তে দায়িত্ব পালন করছে বিজিবি। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বিভিন্ন মামলার পলাতক আসামিরা যাতে অবৈধ পথে দেশে প্রবেশ বা দেশত্যাগ করতে না পারে, সে বিষয়েও বিশেষ নজরদারি রাখা হয়েছে।
এ লক্ষ্যে প্রতিটি বর্ডার আউটপোস্টকে (বিওপি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানান তিনি।
পরিদর্শনকালে সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক।
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
