ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা নিষিদ্ধ ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শোভনকে প্রায় দুই বছর পর প্রকাশ্যে দেখা গেছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় শোভনকে দেখা যায়। তার ব্যবহৃত ‘ছাত্রনেতা শাহাদাৎ হোসেন শোভন ভাই’ নামের ফেসবুক আইডি থেকে ‘আজ শহরে রাজা এসেছে!’ এবং ‘শহরে আজ রাজা এসেছিলো’ শিরোনামে একাধিক ভিডিও পোস্ট করা হয়।
ভিডিওতে দেখা যায়, শোভন একটি স্পিডবোটে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। পরে নৌকায় থাকা কর্মী-সমর্থকদের সঙ্গে করমর্দন করতেও দেখা যায় তাকে।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ভিডিওতে দেখা নৌকাটি ব্রাহ্মণবাড়িয়ার দত্তখলা এলাকায় ছিল। এ ছাড়া ১৫ আগস্টের একটি কর্মসূচির ভিডিও মনিপুর এলাকায় ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শোভনের অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। বিভিন্ন সময়ে তিনি ভারত, নেপাল, সৌদি আরবে ওমরাহ ভিসায় এবং মালয়েশিয়ায় অবস্থান করছেন—এমন গুঞ্জনও ছড়িয়েছিল। তবে এসব বিষয়ে শোভনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো পুলিশের নজরে আসার পর বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওগুলো দেখার পর পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।
প্রায় দুই বছর আত্মগোপনে থাকার পর শোভনের প্রকাশ্যে আসার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
