ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঐতিহ্যবাহী সিঙ্গারবিল ইউনিয়নকে প্রস্তাবিত নতুন বরিশাল উপজেলার সঙ্গে যুক্ত করার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচির প্রচারপত্রে প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি ও জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার ছবি লাল ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রচারপত্রটি পোস্ট করে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
প্রচারপত্রে উল্লেখ করা হয়, আগামীকাল সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
‘সিঙ্গারবিল ইউনিয়ন সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচির মূল দাবি, ঐতিহ্যবাহী সিঙ্গারবিল ইউনিয়নকে বিজয়নগর উপজেলার সঙ্গে বহাল রাখা এবং প্রস্তাবিত নতুন বরিশাল উপজেলার সঙ্গে যুক্ত করার উদ্যোগের প্রতিবাদ জানানো।
ফেসবুক পোস্টের মাধ্যমে স্থানীয় জনগণকে এ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
