ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪২৬ পিস ভারতীয় কম্বল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৬০ হাজার টাকা।
শনিবার (২২ আগস্ট) বিকেলে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান চালানো হয়।
বিজিবি-২৫ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর এলাকায় বিশেষ টহল দল অবস্থান নেয়। পরে সিলেট থেকে ঢাকাগামী ‘রোমার পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসকে সন্দেহ হলে থামিয়ে তল্লাশি চালানো হয়।
এ সময় বাসের ভেতরে বিশেষভাবে রাখা ৪২৬ পিস ভারতীয় উন্নতমানের কম্বল উদ্ধার করে বিজিবি। এসব কম্বল অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছিল বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ্ মোহাম্মদ জাব্বার আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তবে এ ঘটনায় কাউকে আটক করার তথ্য জানানো হয়নি।
তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
বিজিবি জানিয়েছে, জব্দ করা কম্বলগুলো প্রচলিত আইনি প্রক্রিয়া শেষে আখাউড়া কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।
