ব্রাহ্মণবাড়িয়ায় ছয় বছর বয়সী স্কুলছাত্রী নিশাত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এ ঘটনায় প্রতিবেশী ইসা মিয়াকে গ্রেফতার করা হয়েছে। অনৈতিক উদ্দেশ্যে বাধা দেওয়ায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মোহনপুর গ্রাম থেকে ইসা মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।
পিবিআই সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল বিকেলে চিপস কিনতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় নিশাত। নিখোঁজের দুই দিন পর শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে বাড়ির পাশের একটি খোলা স্থান থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় নিশাতের মা আকলিমা আক্তার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্তে জানা যায়, ঘটনার দিন দুপুরে একটি স্কুলের সামনে নিশাতের সঙ্গে ইসা মিয়ার দেখা হয়। পরে তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বিভিন্ন স্থানে নিয়ে যায়। রাতে নিজ বাড়িতে এনে অনৈতিক উদ্দেশ্যে চেষ্টা করলে নিশাত বাধা দেয় এবং বিষয়টি পরিবারের কাছে জানাবে বলে জানায়। এতে ভয়ে ইসা মিয়া তাকে শ্বাসরোধে হত্যা করে।
ব্রাহ্মণবাড়িয়া পিবিআইয়ের পুলিশ সুপার সচীন চাকমা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসা মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
