ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
বিজয়নগর–ব্রাহ্মণবাড়িয়া সড়কে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড স্থানান্তর ও বাড়তি ভাড়া আদায় নিয়ে চলমান অসন্তোষের অবসান হয়েছে। সংসদ সদস্য প্রকৌশলী খালেদ মাহবুব শ্যামলের হস্তক্ষেপে শিমরাইলকান্দি প্রথম সেতু সংলগ্ন পূর্বের স্থানেই সিএনজি স্ট্যান্ড বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে যাত্রীদের ভাড়া জনপ্রতি ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায় এমপি শ্যামলের বাসভবনে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, সম্প্রতি শিমরাইলকান্দি সেতু সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের স্থান পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি রুটটিতে ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এতে প্রতিদিন এই পথে চলাচলকারী সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়ে।
বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও অসন্তোষের পর সংসদ সদস্য খালেদ মাহবুব শ্যামল পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে জনস্বার্থ ও যাত্রীদের সুবিধার বিষয়টি গুরুত্ব দিয়ে স্ট্যান্ডটি পূর্বের স্থানেই রাখার সিদ্ধান্ত হয়।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, পূর্বের তুলনায় জনপ্রতি ১০ টাকা ভাড়া কমিয়ে নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করা হবে। পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা এ সিদ্ধান্তে সম্মতি জানান।
সিদ্ধান্ত কার্যকর হলে বিজয়নগর–ব্রাহ্মণবাড়িয়া রুটে চলাচলকারী নিয়মিত যাত্রীদের ভোগান্তি ও অতিরিক্ত ভাড়ার অভিযোগ অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয়রা।
স্থানীয় যাত্রীদের মতে, স্ট্যান্ডটি আগের জায়গায় ফিরিয়ে আনা এবং ভাড়া কমানোর সিদ্ধান্ত জনসাধারণের জন্য স্বস্তিদায়ক। তারা সিদ্ধান্তটি নিয়মিতভাবে বাস্তবায়নের প্রত্যাশা জানিয়েছেন।
