ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেডের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
সকাল ৮টায় অনুষ্ঠিত মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ। প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) নাজমুল সাদাত।
প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও টার্ন আউট পরিদর্শন করেন পুলিশ সুপার। এ সময় পারফরম্যান্সের ভিত্তিতে সদস্যদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করা হয়। পরে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
প্যারেড শেষে পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি ডিবিসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় পুলিশ সুপার দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠা বজায় রাখার পাশাপাশি নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেন।
এ সময় আগস্ট ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত কর্মকর্তাদের পুরস্কৃত করেন পুলিশ সুপার।
অন্যদিকে, মাসিক কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও প্রস্তাবনা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
সভায় জেলা পুলিশের সার্বিক কল্যাণ, কর্মপরিবেশ ও দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।
