আখাউড়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে বয়স্ক, অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম যাত্রীদের সেবায় একটি হুইলচেয়ার প্রদান করেছেন ভারতের ত্রিপুরার আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার হাসান আল বাশার আবুল উলায়ী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আখাউড়া উপজেলা প্রেসক্লাব ও আখাউড়া প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের সাংবাদিক মহিউদ্দিন মিশুর মাধ্যমে হুইলচেয়ারটি আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলা উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় আখাউড়া কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. জাহিদ হাসান, আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের এসআই আব্দুর রহিম, আখাউড়া আইসিপি বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক কেএস কামরুল ও সিপাহী ফয়সাল মাহমুদ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করেন। দীর্ঘ ইমিগ্রেশন সারি এবং জিরো পয়েন্ট থেকে ইমিগ্রেশন ও কাস্টমস পর্যন্ত বেশ কিছুটা পথ পাড়ি দিতে গিয়ে বয়স্ক, অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম যাত্রীদের নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়।
চেকপোস্টে আগে একটি হুইলচেয়ার থাকলেও দীর্ঘদিন ব্যবহারের পর সেটি নষ্ট হয়ে যায়। ফলে অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম যাত্রীদের ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সমস্যায় পড়তে হচ্ছিল।
নতুন হুইলচেয়ারটি আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সংরক্ষণ করা হবে। প্রয়োজন অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সহায়তায় বয়স্ক, অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম যাত্রীরা এটি ব্যবহার করতে পারবেন।
আখাউড়া কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. জাহিদ হাসান বলেন, “অসুস্থতা ও বার্ধক্যের কারণে অনেক যাত্রী স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না। নতুন হুইলচেয়ারটি তাদের ভোগান্তি কমাতে সহায়ক হবে।”
আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. আলা উদ্দিন বলেন, “এই হুইলচেয়ার যাত্রীসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অসুস্থ যাত্রীদের এখন থেকে আরও সহজে সেবা দেওয়া সম্ভব হবে।”
নতুন হুইলচেয়ার প্রদানের ফলে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে বয়স্ক ও অসুস্থ যাত্রীদের যাতায়াত এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
