ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গজারিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের মাঝে আজ দ্বিতীয় দফায় খাদ্যসামগ্রী ও পোশাক বিতরণ করেছেন মানবসেবা আলমী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল্লামা মুফতি ইব্রাহিম কাসেমী।
প্রতিটি পরিবারের জন্য প্রায় ৩৮ কেজি ওজনের একটি করে মোট ১৪টি প্যাকেজে চাল, আলু, পেঁয়াজ, রসুন, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও পোশাক দেওয়া হয়।
এর আগে গতকাল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন মুফতি ইব্রাহিম কাসেমী। সে সময় পরিবারগুলোর প্রয়োজনের কথা শুনে আবারও সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন তিনি। প্রতিশ্রুতি অনুযায়ী আজ দ্বিতীয়বারের মতো তাদের পাশে দাঁড়ান।
এ সময় ক্ষতিগ্রস্ত ঘরগুলো পুনর্নির্মাণে প্রয়োজনীয় টিনের ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দেন তিনি।
সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন মুফতি ফরহাত সিদ্দিকী, মুফতি হোসাইন আহমদ, মুফতি হারুনুর রশিদ, মাওলানা বশির আহমদ, মুফতি আবিদুর রহমান, মুফতি সানাউল্লাহ রহমানী, মাওলানা আল-আমিন ভূঁইয়াসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
