‘মন পবনের নাও ভাসাইলাম বন্ধু তোমার নদীতে, নাওয়ের মাঝি বড়ই পাজি, বৈঠা চালায় গোপনে’—সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই গানের সঙ্গে যুক্ত শিল্পী-স্রষ্টা মাহমুদুর রহমান এবার রাজনীতির মাঠে পা রেখেছেন। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন।
সম্প্রতি ঘোষিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদুর রহমান। তাঁর রাজনৈতিক সম্পৃক্ততার খবর প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
যেভাবে জনপ্রিয় হয় ‘মন পবনের নাও’
‘মন পবনের নাও’ গানটির অন্যতম বৈশিষ্ট্য হলো সহজ-সরল কথামালা, লোকজ আবহ এবং নদী-নৌকা ও মাঝির চিরচেনা উপমা। প্রেম, আবেগ, আকাঙ্ক্ষা ও সম্পর্কের টানাপোড়েনকে নদী ও নৌকার রূপকের মাধ্যমে তুলে ধরা হয়েছে গানটিতে।
বিশেষ করে—‘নাওয়ের মাঝি বড়ই পাজি, বৈঠা চালায় গোপনে’—এই পংক্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গানটির অংশ ব্যবহার করে অসংখ্য ভিডিও তৈরি হওয়ায় অল্প সময়ের মধ্যেই এটি তরুণ শ্রোতাদের মধ্যে পরিচিতি লাভ করে।
পরবর্তীতে ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে গানটির নানা পরিবেশনা ও সংস্করণ প্রকাশিত হয়। লোকজ সুর, সহজ ভাষা এবং আবেগঘন কথার কারণে গানটি বিভিন্ন বয়সী শ্রোতার কাছেও জনপ্রিয়তা পায়।
গান থেকে রাজনীতির মাঠে
সাংস্কৃতিক অঙ্গনে গান লেখা ও সুরের সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি মাহমুদুর রহমান এবার সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক কর্মকাণ্ডের সূচনা হয়েছে।
দলীয় সূত্র ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, বিগত সরকারের সময়ে অনলাইনে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনায় সরব ছিলেন মাহমুদুর রহমান। জুলাই আন্দোলনের সময়ও তিনি ঢাকার রাজপথে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
পেশাগত জীবনেও ব্যস্ত মাহমুদুর রহমান
রাজনীতির পাশাপাশি পেশাগত জীবনেও দায়িত্ব পালন করছেন মাহমুদুর রহমান। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে পারচেজ ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি গান লেখা ও সুরের সঙ্গে সম্পৃক্ততার কারণে সাংস্কৃতিক অঙ্গনেও তাঁর পরিচিতি রয়েছে।
‘পরিবর্তনের জন্য রাজনীতিতে আসতে হবে’
রাজনীতিতে যোগদানের বিষয়ে মাহমুদুর রহমান বলেন, শুধু রাজনীতির বাইরে থেকে দেশের পরিবর্তনের প্রত্যাশা করলে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। পরিবর্তনের জন্য রাজনীতির ভেতরে এসে কাজ করার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, “আসলে রাজনীতি থেকে দূরে থেকে দেশের পরিবর্তন হবে ভাবা বোকামি। আমাদের রাজনীতিতে এসে দেশটাকে পরিবর্তন করতে হবে। দুর্নীতি, চাঁদাবাজমুক্ত দেশ গড়তেই রাজনীতিতে এসেছি।”
গানের মাধ্যমে পরিচিতি পাওয়া মাহমুদুর রহমানের রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়টি ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন আগ্রহ তৈরি করেছে। একদিকে পেশাগত জীবন, অন্যদিকে গান লেখা ও সুরের সঙ্গে সম্পৃক্ততা—এর পাশাপাশি এবার রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এনসিপির নতুন কমিটিতে দায়িত্ব পাওয়ার পর আগামী দিনে দলীয় কর্মকাণ্ডে মাহমুদুর রহমানের ভূমিকা কী হয়, সেটিই এখন দেখার বিষয়।
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া:
