আশুগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা ও ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এরপর একই দিন দুপুর ১২টা ৩৫ মিনিটে একই এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ি থেকে ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার সদর দক্ষিণ থানার রাজেশপুর এলাকার মো. মাসুদ আলম, আখাউড়া থানার বড় বাজার চন্দন শাহ বাগান বাড়ি এলাকার মো. রাসেল এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার রূপগঞ্জ গোদারাঘাট এলাকার মো. রুহুল আমিন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্য ও প্রাইভেটকার বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
