বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের সিঙ্গারবিল দক্ষিণ বাজার ব্রিজের উত্তর পাশের পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আখাউড়া উপজেলার আমোদাবাদ এলাকার আবুল কালামের ছেলে শাকিল মিয়া (২৪), নেত্রকোনার দুর্গাপুর উপজেলার জাগিরপাড়া এলাকার মৃত নায়েব আলীর ছেলে মো. আবুল হোসেন (৩৫) এবং আখাউড়ার আমোদাবাদ এলাকার পিতুস দাসের ছেলে টিটন দাস (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল মনিরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সিঙ্গারবিল দক্ষিণ বাজার ব্রিজসংলগ্ন সড়কে তল্লাশি চালানো হয়। এ সময় তিনজনকে আটক করে তল্লাশি করলে তাদের কাছ থেকে মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর-৭, জিআর নম্বর-৩৯৪।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
