ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগর) আসনে নির্বাচনী মাঠে জোটের ভূমিকা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলে মুখ খুলেছেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব।
জুনায়েদ আল হাবিবের দাবি, নির্বাচনে বিএনপির একটি অংশ প্রকাশ্যে ও গোপনে তার পরিবর্তে রুমিন ফারহানার পক্ষে কাজ করেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে।’
তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিন তার নির্বাচনী এজেন্টদের কয়েকটি কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল। তার ভাষ্য, এতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে তার নির্বাচনী কার্যক্রম ব্যাহত হয়।
জুনায়েদ আল হাবিব আরও দাবি করেন, বিএনপি যদি তার পক্ষে আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করত, তাহলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তের প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা ছিল।
বক্তব্যে তিনি ইসলামি দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন। একই সঙ্গে বিএনপির সঙ্গে ভবিষ্যৎ রাজনৈতিক জোট ও সমঝোতার বিষয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি।
তার বক্তব্যকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জোটের রাজনীতি, পারস্পরিক সমঝোতা ও ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তবে জুনায়েদ আল হাবিবের এসব অভিযোগের বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।
