আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।
আজ বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার ৯টি থানার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
জেলা পুলিশ সুপার জনাব মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পূজা উদযাপনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে, সে বিষয়ে পুলিশ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
