ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে এক ছেলে নবজাতক নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে হাসপাতালের সিসিটিভি ফুটেজে এক নারীকে নবজাতক কোলে নিয়ে বেরিয়ে যেতে দেখা গেছে। নবজাতককে উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর সকাল ১০টা ৫০ মিনিটে নবজাতকের মা মরিয়ম (১৯) হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি হন। পরদিন ৬ অক্টোবর চিকিৎসক ইশরাত হোমায়েরা নীলার তত্ত্বাবধানে তাঁর সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারে অ্যানেস্থেশিয়া দেন চিকিৎসক তৌহিদ।
নবজাতকের বাবা শামীম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রি। এটি তাঁদের প্রথম সন্তান। অন্যদিকে, মরিয়মের বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চানপুর এলাকায়। তাঁর মা মমতাজ বেগম মেয়েকে হাসপাতালে ভর্তি করান।
পরিবারের সদস্যরা জানান, প্রায় চার বছর আগে মরিয়মের বিয়ে হয়। দীর্ঘ প্রতীক্ষার পর প্রথম সন্তানের জন্ম হলেও বাড়ি ফেরার আগেই নবজাতক নিখোঁজ হওয়ায় পরিবারে শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে।
কান্নাজড়িত কণ্ঠে নবজাতকের নানি মমতাজ বেগম বলেন, “মরিয়মকে ভুলভাল বুঝিয়ে আমার নাতিকে নিয়ে গেছে। চার বছর পর নাতির মুখ দেখেছি, কিন্তু তাকে ধরে রাখার ভাগ্য হলো না।”
হাসপাতালের গাইনি বিভাগের নার্সিং ইনচার্জ খাদিজা আক্তার সুবর্ণা জানান, ঘটনার সময় মিডওয়াইফ নার্স নুসরাত জাহান এ্যানি, নার্স ফাতেমা আক্তার ও সাদিয়া খানম দায়িত্বে ছিলেন। বিষয়টি জানার পর তাঁরা ঘটনাস্থলে যান। রোগীর চাপ বেশি থাকায় সব সময় কোন রোগীর শিশু কে কোলে নিচ্ছেন, তা নজরে রাখা কঠিন বলে জানান তিনি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহিন ভূইয়া বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।
খবর পেয়ে দ্রুত হাসপাতালে যান ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। নবজাতককে উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিব উর রাজা জানান, সদর থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশের অন্যান্য দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নবজাতক উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
সিসিটিভি ফুটেজে বিকেল ৩টা ৫ মিনিটের দিকে এক নারীকে নবজাতক কোলে নিয়ে হাসপাতাল থেকে বের হতে দেখা গেছে। ওই নারীকে শনাক্ত করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঘটনাটি ঘিরে হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত নবজাতককে ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন।
