ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের টি-এ রোড এলাকায় পুলিশের রাত্রিকালীন অভিযানে ১৩ পিস ইয়াবা ও ১২-বোরের একটি পুরোনো রাবার কার্তুজসহ সুমন শীল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের টি-এ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুমন শীল শহরের কাজীপাড়া বণিকপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন দায়িত্ব পালন করছিলেন। এ সময় শহরের টি-এ রোডে হোটেল মিড নাইটের গলির মুখে পাকা রাস্তার ওপর সুমন শীলকে সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা ও ১২-বোরের একটি পুরোনো রাবার কার্তুজ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, সুমন শীলকে ওই দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত একটি মামলা রয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
