ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেলে করে মাদক বহনের সময় ৭৫ বোতল স্কাফ সিরাপসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা ৩৫ মিনিটে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মুরাদনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের সাব্বির সরকার ওরফে সাব্বির এবং বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকার জুনাইদ মিয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশি করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৭৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদক ও মোটরসাইকেল বিধি অনুযায়ী জব্দ করা হয়।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
