নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) রাতে ও বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টা ৩০ মিনিটে উপজেলার ৬ নম্বর গোপীনাথপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে সোহেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে, বৃহস্পতিবার রাত ২টা ৫০ মিনিটে উপজেলার ৯ নম্বর কায়েমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর চকবস্তা এলাকায় অভিযান চালিয়ে আক্তার হোসেন নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সোহেল লক্ষ্মীপুর গ্রামের লাল মিয়ার ছেলে। অপর গ্রেপ্তার আক্তার হোসেন জাজিসার গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় পৃথক দুটি মাদক মামলা করা হয়েছে।
