ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার চারটি ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। স্থানীয় জনগণের মতামত, ভৌগোলিক বাস্তবতা, দীর্ঘদিনের সামাজিক বন্ধন ও জনস্বার্থ উপেক্ষা করে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। একই সঙ্গে বিতর্কিত এ উদ্যোগ বাতিলের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।
রোববার (২ নভেম্বর) সকাল ১০টায় প্রকাশিত এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির মো. মোবারক হোসাইন ও সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারিকৃত একটি চিঠির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় আসনের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল, সুলতানপুর ও বাসুদেব ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ নামে নতুন উপজেলা গঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানা যায়।
এ উদ্যোগের প্রতিবাদ জানিয়ে জামায়াত নেতারা বলেন, একটি উপজেলার প্রশাসনিক সীমানা পুনর্নির্ধারণ কিংবা নতুন উপজেলা গঠনের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থার সুবিধা, দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতি, ঐতিহাসিক ঐতিহ্য এবং জনমানুষের আবেগ-অনুভূতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া অপরিহার্য। কিন্তু সংশ্লিষ্ট এলাকার মানুষের মতামত ও দীর্ঘদিনের ঐতিহ্য উপেক্ষা করে চারটি ইউনিয়ন বিচ্ছিন্ন করে নতুন উপজেলা গঠনের উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে সাধারণ মানুষ শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছেন। জনগণের ন্যায়সংগত দাবি ও শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি জামায়াতে ইসলামী পূর্ণ সমর্থন জানাচ্ছে। জনগণের মতামত ও অধিকারকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা কখনোই জনকল্যাণ বয়ে আনতে পারে না।
জামায়াত নেতারা অবিলম্বে ‘বরিশল উপজেলা’ গঠনের বিতর্কিত উদ্যোগ বাতিলের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার সংশ্লিষ্ট চার ইউনিয়নের জনগণের ন্যায়সংগত দাবির প্রতি সংহতি প্রকাশ করে তাদের অধিকার আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় গণমানুষের অধিকার, ন্যায়সংগত দাবি ও জনস্বার্থের পক্ষে সোচ্চার রয়েছে। ভবিষ্যতেও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় দলটি জনগণের পাশে থাকবে, ইনশাআল্লাহ।
এদিকে, এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার জেলা কর্মপরিষদের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করা হয়।
