নিজস্ব প্রতিবেদক | ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শেখ সবুজ (৩০) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধিতে আরও ছয়টি মামলার তথ্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর রাত ৩টার দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নে নিজ বাড়িতে অভিযান চালিয়ে শেখ সবুজকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত শেখ শাহজাহান মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত ৬ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া রোডের মাথায় টিএ রোডসংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। ওই মিছিলে শেখ সবুজসহ ২৫ থেকে ৩০ জন অংশ নেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে মিছিলের ভিডিও ফুটেজ, স্থানীয়দের দেওয়া তথ্য ও তদন্তের ভিত্তিতে শেখ সবুজের সম্পৃক্ততা শনাক্ত করা হয়েছে বলে দাবি পুলিশের।
এ ঘটনায় ৭ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৮, ৯(১), ৯(২), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলা করা হয়। মামলাটির নম্বর ২০।
এ ছাড়া থানার রেকর্ড ও সিডিএমএস পর্যালোচনা করে শেখ সবুজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধিতে ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
