জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার ডায়াবেটিস রোগীদের উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠার জোরালো দাবি জানিয়েছেন বক্তারা।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় শহরের কাউতলী এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে সমিতির সদস্য, চিকিৎসক, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ডায়াবেটিস রোগীরা অংশ নেন।
র্যালি শেষে সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতির সভাপতি অ্যাডভোকেট মিন্টু ভৌমিকের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির যুগ্ম সম্পাদক ওমর ফারুক।
আলোচনা সভায় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ডায়াবেটিস সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক কাজী কামাল উদ্দিন, সহসভাপতি মাহমুদ হোসেন সরকার পাশা, সমিতির সদস্য ও প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আরজু মিয়া এবং চিফ মেডিকেল অফিসার ডা. মেহজাবিন মুনমুন।
বক্তারা বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত কায়িক পরিশ্রমের মাধ্যমে এটি অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই রোগ প্রতিরোধের পাশাপাশি আক্রান্তদের নিয়মিত চিকিৎসা ও পরামর্শ নিশ্চিত করা জরুরি।
তারা আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু জেলার বিপুলসংখ্যক রোগীর তুলনায় বিশেষায়িত চিকিৎসাসেবা পর্যাপ্ত নয়। ফলে উন্নত চিকিৎসার জন্য অনেক রোগীকে জেলার বাইরে যেতে হয়।
এ অবস্থায় জেলার ডায়াবেটিস রোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে ১০০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠা এখন সময়ের দাবি বলে উল্লেখ করেন বক্তারা।
তারা আশা প্রকাশ করেন, ব্রাহ্মণবাড়িয়ায় এমন একটি হাসপাতাল প্রতিষ্ঠিত হলে জেলার বিপুলসংখ্যক ডায়াবেটিস রোগী নিজ জেলাতেই উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাবেন। পাশাপাশি রোগীদের নিয়মিত চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।
