
বেত-বাড়ীয়া আন্ত মিনি সার্কেল টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনাল: দুইবার সুপার ওভারের পরেও নিষ্পত্তিহীন, উভয় দলেই যুগ্ম চ্যাম্পিয়ন
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ২নং বুধল ইউনিয়নের বিশ্বরোড-সংলগ্ন বেত-বাড়ীয়ায় অনুষ্ঠিত আন্ত মিনি সার্কেল টুর্নামেন্টের মেগা ফাইনাল জমে উঠেছিল ভিন্নমাত্রার উত্তাপে। পরপর দুইবার সুপার ওভার হওয়ার পরও ম্যাচের কোনো নিষ্পত্তি না হওয়ায় টুর্নামেন্ট কমিটি বেতবাড়ীয়া উত্তর পাড়া ব্রাদার্স টিম এবং বাঘবাড়ি একাদশকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করে।
তুমুল দর্শক সমাগমে ১০ ওভারের ফাইনালে মুখোমুখি হয় বেতবাড়ীয়া উত্তর পাড়া ব্রাদার্স টিম ও বাঘবাড়ি একাদশ। মাত্র ৪৪ রানের ছোট টার্গেট হলেও ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্ধারিত ওভারের ড্রয়ের পর প্রথম সুপার ওভারেও কোনো দল এগিয়ে যেতে না পারলে খেলা গড়ায় দ্বিতীয় সুপার ওভারে। সেখানেও ফলাফল একই থাকায় ম্যাচকে অমীমাংসিত ঘোষণা করা হয়।
ম্যাচ শেষে ব্যক্তিগত কৃতিত্বের ভিত্তিতে পুরস্কার পান তানিম আহমেদ (ম্যান অফ দ্য ম্যাচ), ইমতিয়াজ আহমেদ নাজমুল (হাইয়েস্ট উইকেট টেকার) এবং জুম্মান (হাইয়েস্ট বাউন্ডারি ম্যান)। পুরো টুর্নামেন্ট স্পনসর করে ইমরান স্পোর্টস।
পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ২নং বুধল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব আতিকুর রহমান শফিক। প্রধান অতিথি ছিলেন মোহাম্মাদ হেলাল উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক, বিএনপি (২নং সিদলা ইউনিয়ন, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা)। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন বিশ্বরোড হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলাম সদস্য মাওলানা ঈমাম হুসাইন বিন সিরাজ এবং ঢাকা মহানগর দক্ষিণ (জিসাস)-এর সিনিয়র সাধারণ সম্পাদক এসএইচএম সালমান আহমেদ সিরাজ।
অনুষ্ঠানে বক্তারা সমাজ থেকে মাদক নির্মূল, যুব সমাজকে খেলাধুলার সঙ্গে যুক্ত রাখা এবং এলাকার শিক্ষার হার বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোহাম্মাদ কানু বক্স, বাদল মিয়া, মোহাম্মদ রুবেল, মানিক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী কাউছার আহমেদ লিটন, মাওলানা মনির বেতবাড়ীয়া প্রমুখ।