
জেলা প্রতিনিধি ঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের জন্য এক স্বস্তিদায়ক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার লোকাল বাসে শিক্ষার্থীদের যাতায়াত ব্যয় কমাতে ভাড়ায় হাফ বা ৫০ শতাংশ ছাড় কার্যকর করার স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকা অবস্থায় শিক্ষার্থীরা বৈধ আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে লোকাল বাসে নির্ধারিত ভাড়ার অর্ধেক ভাড়ায় যাতায়াত করতে পারবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া লোকাল বাস পরিচালনা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তটি বাস্তবায়নের লক্ষ্যে জেলার সকল লোকাল বাসের মালিক, চালক ও পরিবহন কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়।
তবে সিদ্ধান্তে একটি বিষয় স্পষ্ট করা হয়েছে—হাফ ভাড়া হিসাব করা হলেও সর্বনিম্ন ভাড়া ৫ টাকার কম নেওয়া যাবে না। অর্থাৎ অর্ধেক ভাড়া নির্ধারণের পর তা যদি ৫ টাকার নিচে নেমে আসে, সেক্ষেত্রে ৫ টাকাই প্রযোজ্য হবে।
একজন শিক্ষার্থীর জন্য এই সামান্য ছাড় অনেক বড় সহায়তা। প্রতিদিন স্কুল, কলেজ বা মাদরাসায় যাতায়াত করতে গিয়ে পরিবহন খরচ শিক্ষার্থীদের জন্য বড় একটি চাপ হয়ে দাঁড়ায়। এই ছাড় কার্যকর হলে শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত সহজ হবে, পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং অভিভাবকদের আর্থিক চাপও কমবে।
এখন শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা—এই সিদ্ধান্ত যেন কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তবেও কার্যকর হয়। সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় যদি নির্দেশনাটি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তবে এটি ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে একটি ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।