
বিশ্ব কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের গৌরব ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হাফেজ আনাছ বিন আতিকের সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সৌজন্য সাক্ষাৎ
বিশ্ব কুরআন প্রতিযোগিতায় টানা সাফল্যের ধারাবাহিকতায় আবারও বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড্ডীন করেছেন হাফেজ আনাছ বিন আতিক। সম্প্রতি মিশরে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ৭০টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। এই অনন্য সাফল্যের পর হাফেজ আনাছের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
কিছুদিন আগেই রাজধানীর কামরাঙ্গীরচরে একটি মাদ্রাসার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন, ক্রীড়াক্ষেত্রে যেমন বাংলাদেশ নিয়মিত আন্তর্জাতিক সাফল্য অর্জন করছে, তেমনি বিশ্বব্যাপী কুরআন ও সিরাতভিত্তিক প্রতিযোগিতাতেও বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্যের স্বাক্ষর রাখছে। তাঁর সেই বক্তব্যের বাস্তব প্রতিফলনই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হাফেজ আনাছ বিন আতিক।
বিশ্বজয়ের গৌরবময় সংবাদ জানার সঙ্গে সঙ্গেই আসিফ মাহমুদ হাফেজ আনাছের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন। পরবর্তীতে মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে তিনি হাফেজ আনাছের অধ্যবসায়, মেধা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও দেশের জন্য এমন গৌরব বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখযোগ্য বিষয় হলো—এটি হাফেজ আনাছ বিন আতিকের টানা তৃতীয় বিশ্বজয়। এর আগেও তিনি দুইবার বিশ্ব কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। তাঁর এই ধারাবাহিক সাফল্য শুধু একটি ব্যক্তিগত অর্জন নয়, বরং দেশের ধর্মীয় শিক্ষা ব্যবস্থা ও হিফজ মাদরাসাগুলোর আন্তর্জাতিক মানের প্রমাণ হিসেবেও বিবেচিত হচ্ছে।
হাফেজ আনাছের এই অর্জন নিঃসন্দেহে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর, যা বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও সমুন্নত করেছে।