ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামে বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার মতবিনিময় সভাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রে জানা যায়, কর্মসূচিতে অংশ নিতে ব্যারিস্টার রুমিন ফারহানা আঁখিতারা গ্রামে পৌঁছালে তাকে ঘিরে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। কে আগে তার কাছে যাবে—এ নিয়ে শুরু হয় তর্ক-বিতর্ক। একপর্যায়ে সেই তর্ক হাতাহাতি ও পরে সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।পরিস্থিতি অবনতির দিকে গেলে নিরাপত্তাজনিত কারণে ব্যারিস্টার রুমিন ফারহানা ঘটনাস্থল ত্যাগ করে দ্রুত সেখান থেকে পলায়ন করেন।
গ্রামবাসীদের ভাষ্যমতে, উঠতি কিছু যুবক ও কিশোরের আমন্ত্রণে তিনি ওই গ্রামে গিয়েছিলেন। তবে কর্মসূচিতে পর্যাপ্ত প্রস্তুতি ও শৃঙ্খলার অভাব থাকায় এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।সংঘর্ষে উভয় পক্ষের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।ঘটনার পর আঁখিতারা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
