ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলাজুড়ে এখন এক অস্থির সময়ের নাম লোডশেডিং। তীব্র গরম আর ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে জেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিদ্যুতের এই ভয়াবহ লোডশেডিংয়ে সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনো কোনো এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে ১০ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকাগুলোতে প্রতি এক-দেড় ঘণ্টা পরপরই বিদ্যুৎ চলে যাচ্ছে। দিনের বেলা তো বটেই, রাতেও ঘনঘন লোডশেডিংয়ের কারণে শিশু ও বৃদ্ধদের নিয়ে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে ভুক্তভোগী পরিবারগুলোকে।
অসহ্য গরমে ঘরে থাকা যেখানে দায় হয়ে পড়েছে, সেখানে বিদ্যুতের এই লুকোচুরি সাধারণ মানুষকে রাস্তায় নামতে বাধ্য করছে। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে এসএসসি পরীক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনা—সবই এখন স্থবির। এই অসহনীয় পরিস্থিতির প্রতিবাদে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ইতিমধ্যে ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে পিডিবি কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। তারা দ্রুত লোডশেডিং কমিয়ে জনজীবনে স্বস্তি ফেরানোর জোর দাবি জানিয়েছেন।
ভুক্তভোগীরা বলছেন, বিদ্যুতের অভাবে কেবল জীবনযাত্রাই ব্যাহত হচ্ছে না, বরং গরমে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। অতি দ্রুত এই দুরবস্থা থেকে মুক্তি পেতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জেলাবাসী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন।
