ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তীব্র গরম ও দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় তিন পুলিশ সদস্য অজ্ঞান হয়ে পড়েছেন।
পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শুক্রবার (২৪ এপ্রিল) রাতে সরাইল থানার ভেতরে এ ঘটনা ঘটে।
অজ্ঞান হওয়া পুলিশ সদস্যরা হলেন— বাবুল হোসেন (৪৭), মেহেরাব হোসেন (২৮) ও সাদ্দাম হোসেন (২৮)।
জানা গেছে, সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় থানার ভেতরে অসহনীয় গরমের সৃষ্টি হয়। এতে ডিউটিরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন ওই তিন সদস্য। একপর্যায়ে তারা জ্ঞান হারালে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অজ্ঞান হওয়া পুলিশ সদস্য বাবুল হোসেন জানান, বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে কখন অজ্ঞান হয়ে পড়েছেন তা বুঝতেই পারেননি। পরে সহকর্মীরা মাথায় পানি দিয়ে প্রাথমিকভাবে সেবা দেন এবং হাসপাতালে নেওয়ার পর কিছুটা সুস্থ বোধ করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া জানান, তীব্র গরম ও লোডশেডিংয়ের কারণে এ ঘটনা ঘটেছে। বর্তমানে তিনজনই সুস্থ আছেন। থানার সকল সদস্যকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
