ব্রাহ্মণবাড়িয়া আদালত চত্বর থেকে হাতকড়াসহ মাদক মামলার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পালানোর চেষ্টা করা অপর এক আসামিকে উপস্থিত জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। ঘটনাটি মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ঘটে।
পলাতক আসামির নাম শাহীন। তিনি বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার মৃত জালাল মিয়ার ছেলে। আটক অপর আসামি সজল একই এলাকার হাসেম মিয়ার ছেলে।
আদালত পরিদর্শক মো. হাবিবুল্লাহ সরকার জানান, গত সোমবার বিকেলে জেলার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কানাইনগর গ্রাম থেকে চার কেজি গাঁজাসহ শাহীন ও সজলকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়।
তিনি আরও জানান, আদালতে তোলার আগেই দুই আসামি পালানোর চেষ্টা করে। এ সময় শাহীন হাতকড়াসহ পালিয়ে যেতে সক্ষম হলেও সজলকে ধাওয়া দিয়ে আটক করেন উপস্থিত লোকজন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পালিয়ে যাওয়া আসামি শাহীনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আদালত পরিদর্শক।
