ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে বিশেষ সাফল্য অর্জিত হয়েছে। পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ২০২৫ সালের মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমের মূল্যায়নে ‘খ’ গ্রুপে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।
মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ, জনাব মোঃ আলী হোসেন ফকির ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ-এর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই অর্জনকে পাথেয় করে ব্রাহ্মণবাড়িয়াকে মাদকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে তারা আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
‘আমার পুলিশ, আমার দেশ — সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত পুলিশ সপ্তাহে এ অর্জন জেলা পুলিশের জন্য গৌরবের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
