ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাইক্রোবাসের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাঠানপাড়া এলাকায় রাস্তা থেকে সরে দাঁড়াতে এক পথচারীকে লক্ষ্য করে মাইক্রোবাস চালক হর্ন বাজান। এ নিয়ে পথচারীর সঙ্গে চালকের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে টর্চ জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুইপক্ষের অন্তত ৫ জন আহত হন।
খবর পেয়ে সরাইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে মাইক্রোবাস চালক ও পথচারীর পরিচয় জানা যায়নি।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, দুইজনের মধ্যে কথাকাটাকাটির জেরে দুই গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
