ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় শহীদ মিয়া (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শহীদ মিয়া এলাকায় বিএনপির একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত। বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হামিদ।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার পর শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এমন ঘটনার সুষ্ঠু বিচার না হলে সমাজে এর নেতিবাচক প্রভাব পড়বে। তারা শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
