ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় মূল্যবোধ, জনমত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী স্থগিত করেছে জেলা প্রশাসন।
জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি’র উদ্যোগে চলচ্চিত্রটির একটি উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তবে শুরু থেকেই স্থানীয় বিভিন্ন ধর্মীয় সংগঠন ও কওমি মাদ্রাসা শিক্ষার্থীরা এ আয়োজনের বিরোধিতা করে আসছিলেন।
স্থানীয় আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষের আপত্তি এবং সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ প্রদর্শনী বন্ধের সিদ্ধান্ত নেয়।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, আয়োজকদের পক্ষ থেকে বিষয়টি প্রশাসনকে আগে অবহিত করা হয়নি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতেই আপাতত প্রদর্শনী স্থগিত করা হয়েছে বলে তিনি জানান।
