ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চেকপোস্ট পরিচালনার সময় দেশীয় অস্ত্র, কার্তুজ ও মোটরসাইকেলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) রাত ২টা ১৫ মিনিটে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেজখালী ইউনিয়নের আকানগর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেল আটক করে তল্লাশি চালিয়ে একটি সচল দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী সিদ্দিকুর রহমান (পিতা: আতিকুর রহমান)কে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি নবীনগর উপজেলার বরাইল এলাকায় হলেও বর্তমানে তিনি নুরজাহানপুর এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, মোটরসাইকেলের অপর দুই আরোহী আটক হওয়ার আগেই পালিয়ে যায়। উদ্ধার হওয়া অস্ত্র, কার্তুজ ও মোটরসাইকেল আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
