“সবাই মিলে দেশ গড়ি, একসঙ্গে ডেঙ্গু প্রতিরোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার (০৬ জুন ২০২৬) ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ র্যালির আয়োজন করা হয়। ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত এ র্যালিতে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন এলাকায় জমে থাকা পানি অপসারণ, আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম চালানো হয়।
বক্তারা বলেন, ডেঙ্গু বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান জনস্বাস্থ্য সমস্যা। প্রতি বছর বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তারের কারণে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। তাই ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
তারা আরও বলেন, এডিস মশার অধিকাংশ প্রজননস্থল মানুষের নিজস্ব বাসাবাড়ি, ছাদ, বারান্দা, আঙিনা ও আশপাশের পরিবেশে তৈরি হয়। ফুলের টব, অব্যবহৃত টায়ার, প্লাস্টিকের পাত্র, ড্রাম, নারকেলের খোসা কিংবা জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই সবাইকে নিজ নিজ বাসা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি নিয়মিত অপসারণের আহ্বান জানানো হয়।
সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব বলে মত দেন সংশ্লিষ্টরা।
