ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
আজ সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে চলাচলরত একটি লোকাল বাস বৈশামুড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন যাত্রীর মৃত্যু হয় এবং অন্তত ১০ জন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল বাতেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চারজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।”
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছেন।
