নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, সুস্থ সমাজ গঠন এবং যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় Run Baria-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ‘রেইন রান’।
এ আয়োজনে দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত রানাররা অংশগ্রহণ করেন। ভোরের নির্মল আবহাওয়া ও ঝিরিঝিরি বাতাসের মধ্যে শত শত দৌড়বিদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
বয়স, পেশা ও ভৌগোলিক অবস্থানের ভিন্নতা থাকলেও সুস্থ জীবনযাপনের আহ্বানে সবাই একত্রিত হন এই দৌড়ে। অংশগ্রহণকারীদের উৎসাহ-উদ্দীপনা আয়োজনটিকে এনে দেয় ভিন্নমাত্রা। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত রানিং ইভেন্টে অংশগ্রহণকারীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে দৌড়ে অংশ নেন। আয়োজকদের মতে, বর্তমান সময়ে যুবসমাজকে মাদকাসক্তি ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা ও শরীরচর্চার কোনো বিকল্প নেই।
আয়োজকরা জানান, নিয়মিত দৌড় ও ব্যায়ামের মাধ্যমে একজন মানুষ যেমন শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন, তেমনি মানসিকভাবেও সতেজ ও কর্মক্ষম থাকেন। এ লক্ষ্যকে সামনে রেখেই Brahmanbaria runners community
আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। তারা আরও বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হলো সুস্থ সমাজ গঠন এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় মানুষকে উদ্বুদ্ধ করা। আমরা চাই তরুণরা খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে নিজেদের গড়ে তুলুক এবং স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করুক।”
আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
