নাসিরনগরে ‘খালা’ পরিচয়ে স্কুলছাত্রীকে নেওয়ার চেষ্টা, তরুণী আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:শেখ মোঃ ইলিয়াস
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‘খালা’ পরিচয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিশু শ্রেণির এক শিক্ষার্থীকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শিশুটির নাম জান্নাত আক্তার (৫)। সে তুল্লাপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল বাছিরের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্লাস চলাকালে সুমাইয়া আক্তার বিদ্যালয়ে গিয়ে নিজেকে শিশুটির খালা পরিচয় দেন এবং তাকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি শিক্ষকদের সন্দেহ হলে তারা দ্রুত শিশুটির মাকে খবর দেন।
পরে শিশুটির মা বিদ্যালয়ে এসে জানান, আটক তরুণী তার কোনো আত্মীয় নন এবং শিশুটির খালাও নন। এ তথ্য নিশ্চিত হওয়ার পর স্থানীয় লোকজন সুমাইয়াকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, আটক সুমাইয়া আক্তারের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায়। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম বলেন, “শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক তরুণীকে আটক করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, শিশুটি বর্তমানে তার পরিবারের জিম্মায় নিরাপদে রয়েছে।
