মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে ভূঁইয়াপাড়া আয়োজিত,”ভাদুঘর অল সুপারস্টার ফুটবল টুর্নামেন্ট ২০২৬” জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
ফাইনাল খেলাকে ঘিরে ভাদুঘর এলাকায় ছিল উৎসবের আমেজ। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ভিপি জহিরুল হক জহিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ক্রীড়ানুরাগীরা।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, খেলাধুলা তরুণ সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক ও বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে নিয়মিত ক্রীড়া আয়োজনের প্রয়োজন রয়েছে।
তিনি তরুণদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান এবং স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ করতে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আয়োজকরা অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে ফাইনালে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
স্থানীয়দের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন ভাদুঘরের তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
