আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি নাম্বারবিহীন সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
রোববার (৯ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি নাম্বারবিহীন সিএনজি চালিত অটোরিকশা আটক করে পুলিশ।
পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশায় থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও অটোরিকশাটি বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—নরসিংদীর শিবপুর থানার কারারচর এলাকার মৃত সোহেল মিয়ার ছেলে সুজন মিয়া। তার বর্তমান ঠিকানা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার মাঝিয়ারা এলাকায়।
অপরজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার দড়িকান্দি এলাকার কাজী ইদ্রিস মিয়ার ছেলে কাজী রাব্বি। তার বর্তমান ঠিকানাও নবীনগর থানার মাঝিয়ারা এলাকায়।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
