নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাকির হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার আওতাধীন ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে সদর মডেল থানার ২ নম্বর শহর পুলিশ ফাঁড়ির একটি আভিযানিক দল ভাদুঘর এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকায় মাদক বেচাকেনার তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ।
অভিযানকালে সন্দেহভাজন হিসেবে মো. জাকির হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত জাকির হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভাদুঘর দেওয়ানপাড়া এলাকার মৃত হাফিজুর রহমান ও রাশিয়া খাতুনের ছেলে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
