ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে করে ১২ কেজি গাঁজা বহনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকাল ১১টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি প্রাইভেটকার আটক করা হয়।
পরে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা গাঁজা ও অন্যান্য মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—হবিগঞ্জ সদর থানার পইল উত্তরপাড়া এলাকার ফরিদ মিয়ার ছেলে নুরুল আমিন মিয়া, নামাফুল এলাকার ছমির মিয়ার ছেলে আতাউর রহমান এবং পইল এলাকার মো. সেলিম মিয়ার ছেলে মনির মিয়া।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল আমিনের বিরুদ্ধে এর আগে দুটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
